বিএনপি পুনর্গঠনে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে দলের পুনর্গঠন ব্যাহত হচ্ছে। দল পুনর্গঠনে সহযোগিতা করতে কেন্দ্রীয় নেতাসহ সব নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান খান।
বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
নজরুলের আরো অভিযোগ, বিএনপি বহুবার কাউন্সিল করতে চাইলেও কেন্দ্রীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মীকে সরকার গ্রেপ্তার করে কাউন্সিল করতে দেয়নি। উপজেলা, পৌর ও জেলা কমিটি করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কমিটি হয়ে গেলে কাউন্সিল হবে। এতে বাধা না দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
বিএনপির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, এমন প্রত্যাশার কথা জানিয়ে এই বিএনপি নেতা বলেন- মামলা, দমন, নিপীড়ন করে আন্দোলন ঠেকানো যাবে না, তা আওয়ামী লীগের চেয়ে বেশি কে জানে।
নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের অধিকার বা গণতন্ত্র কোনোটাই নিরাপদ নয়। জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের ভোটে নির্বাচিত একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হোক এটা বিএনপি চায়। এ নির্বাচনে জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে।


