বুধবার ৪ নভেম্বর ২০২৬

মান যায় মন্ত্রীর আর মামলা করে চেরাগ আলী: সুরঞ্জিত

216c185db10121412a6a86a8215b4318সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মান যায় মন্ত্রীর আর মামলা করে চেরাগ আালী। অবিলম্বে এই মামলা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত।

বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাংবাদিক প্রবীর সিকদারের প্রাণ সংশয় বলে পুলিশের কাছে সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশের কোনো সহায়তা না পেয়ে প্রবীর সিকদার ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে নাকি একজন মন্ত্রীর মান গিয়েছে। মান যায় মন্ত্রীর আর মামলা করে চেরাগ আলী। আরে চেরাগ আলী তুমি তো সরকারের লোক, তুমি কেন যাবে। আর তার বিরুদ্ধে মামলা হলো ১১ টায়। তাকে ধরে নিয়ে যাওয়া হলো ৬টায়। এর মানে শত্রুদের হাতে অস্ত্র তুলে দেয়া। সুতরাং আমরা এটা আশা করিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অত্যান্ত উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের। আর তার প্রতিপক্ষ হলেন পা হারানো সাংবাদিক প্রবীর সিকদার। যারা প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেছেন তারা অতি উৎসাহের দল। কেউকে ধরে আনতে বললে বাইন্ধা নিয়া আসে।

সরকারকে আরো বেশি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ক্ষমতার দম্ভ ও অহঙ্কার আসলে সেই ক্ষমতা পরিমার্জিত হয়। ক্ষমতা মানে চাটুকারিতা, দম্ভ তোষামোদী নয়। শুনেছি প্রবীর সিকদারের জামিন হয়েছে। তাই বিষয়টি নিজেদের মধ্যে সুরাহা হওয়া উচিত।

তিনি বলেন, সুতরাং আমরা বিষয়টির সমাধান চাই। রাজনীতি, সাংবাদিকতা ও গণমাধ্যম এর মধ্যে সংঘাত হতে পারে না। এটি একটির পরিপূরক। কারণ গণমাধ্যম না হলে জনগণের কাছে পৌঁছানো যাবে না। অবিলম্বে এই মামলাটি তুলে নেয়া প্রয়োজন। না হলে যতদিন যাবে ততই গন্ধ ছড়াবে।

সম্প্রতি ছাত্রলীগের দুই নেতা র‌্যাব ও পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সাবেক এই মন্ত্রী বলেন, সমস্ত সঙ্কটের সমাধান ক্রসফায়ারে নয়। ছাত্রলীগকে সমাধান করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান তৈরি করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর ছাত্রলীগকে ক্রসফায়ারে মারবে এটা কাম্য নয়।

আরও পড়ুন