বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

south_africa_map1চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের খাজা মাঈন উদ্দিনের ছেলে আলাউদ্দিন জুয়েল (৩২)।

বুধবার বিকেলে নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ খবর পৌঁছায়। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ বাসায় খুন হন তিনি।

নিহতের পরিবারের লোকজন জানায়, তিন বোন ও দুই ভাই মধ্যে জুয়েল মেঝো। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা গিয়ে জোহানেসবার্গ সিটির একটি সুপার মার্কেটে দোকান দেন তিনি।

মঙ্গলবার রাতে তিনি নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার বাসায় এসে চাঁদা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীরা তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় বাংলাদেশিরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার বিকেলে নিহতের বাড়িতে এ খবর পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলে হারানোর শোকে নিহতের মা সাহেলা আক্তার ও বাবা খাজা মাঈন উদ্দিন বার বার জ্ঞান হারাচ্ছেন।

নিহতের পরিবারের লোকজন জুয়েলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন