বুধবার ৪ নভেম্বর ২০২৬

মায়ের পেটে গুলিবিদ্ধ সুরাইয়া বাড়ি যাচ্ছে

Suraia_Hospital2ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে বৃহস্পতিবার ২০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বেলা দেড়টার দিকে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মা নাজমা বেগমের কোলে তুলে দেন সুরাইয়াকে। এ ছাড়া বাবা বাচ্চু ভূঁইয়ার হাতে সুরাইয়ার হাসপাতাল ছাড়ার পত্র তুলে দেন মন্ত্রী।

ছাড়পত্রের আনুষ্ঠানিকতার আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে শিশু সুরাইয়ার মঙ্গল কামনা করে।

গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর সুরাইয়ার জন্ম।

২৬ জুলাই ভোর চারটার দিকে মা-বাবাকে ছাড়াই সুরাইয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কম ওজনের, সময়ের আগে জন্মানো শিশুটিকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন হাসপাতালের চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও ওর শরীরে ধরা পড়ে জন্ডিস। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমতে শুরু করে দ্রুত। বুলেটের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও সংক্রমণের ধাক্কা কাটাতে পারবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দেয়।

২৮ জুলাই চিকিৎসকেরা সুরাইয়াকে স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু) নিয়ে যান। ২৯ তারিখ হাসপাতালে এসে পৌঁছান মা।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন