প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া নির্দেশনার তোয়াক্কা করছে না নির্বাচন কমিশন সচিবালয়। নিজস্ব ফেসবুক পেইজে তথ্যের প্রকাশ ও প্রচারের জন্য নির্দেশনার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন সচিবালয় তা এখনও বাস্তবায়ন করেনি। গত বছর নামকাওয়াস্তে একটি পেইজ খোলা হলেও পরে অজানা কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
২০১৪ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প এক্সেস টু ইনফরমেশন (এটুআই) থেকে সরকারের সব দফতরের মতো ইসি সচিবালয়কেও ফেসবুকে তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক একটি ফেসবুক পেইজ খুলে তাতে সকল কর্মকর্তা-কর্মচারিকে যুক্ত হওয়ার নির্দেশনা দেয় ইসি।
সে নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখা ‘https://www.facebook.com/electioncommissionbangladesh’ নামের একটি পেইজ এবং ‘https://www.facebook.com/groups/307688616022335’ নামে একটি গ্রুপ তৈরি করে। যেখানে যুক্ত হতে প্রোগ্রামার আক্তারুজ্জামান একই বছর আগস্টে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারিকে চিঠিও দেন। সেই পেইজটিতে কর্মকর্তা-কর্মচারিরা যুক্ত হতে থাকেন। মাঝেমধ্যে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত/প্রচারিত খবর ছাড়াও নানা কার্যক্রমের তথ্য শেয়ার দেওয়া হতো। কিন্তু হঠাৎ করেই কয়েক মাস আগে সেটি বন্ধ করে দেওয়া হয়।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, পেইজ ও গ্রুপটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এছাড়া আগেও তেমন কাজে আসছিলো না।
ঠিক কী কারণে তা বন্ধ রয়েছে তা-ও জানেন না বলে দাবি এই কর্মকর্তার। তিনিই ইসির সকল প্রচারমূলক কাজ করে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইসির অফিসিয়াল কোনো পেইজ বা গ্রুপ না থাকলেও বর্তমানে ইসির নামে কে বা কারা দুটি ফেইসবুক পেইজ চালাচ্ছে। এদের একটি Bangladesh Election Commission(ECS) নামে এবং অন্যটি Bangladesh Election Commission নামে চালানো হচ্ছে।


