বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেকাব নিয়েই ক্লাস শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী

DU-Nekabমুখমণ্ডল ঢেকে ‘নেকাব’ করে ক্লাসে যাওয়ায় বের করে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের সেই ছাত্রী বৃহস্পতিবার থেকে আবার ক্লাস শুরু করেছেন। তবে অভিযুক্ত শিক্ষক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমানের ক্লাসে যাননি।

এদিকে, বৃহস্পতিবার নিউজওয়ার্ল্ডবিডি ডট কমে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিনে বৃহস্পতিবার জানা যায়, শিক্ষার্থীর সংবাদের কপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তাদের কাছেও জমা দিয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও শেয়ার করে নানা ধরণের মন্তব্য করেছেন। ঘটনা নিয়ে মনোবিজ্ঞান বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সরগরম হয়ে উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ছাত্রীটি ক্লাসে যোগ দেন এবং দৃশ্যমান কোনো সমস্যায় পড়েননি তিনি।

মনোবিজ্ঞান বিভাগের বিশ্বস্ত তিনটি সূত্র জানিয়েছে, অধ্যাপক ড. আজিজুর রহমান প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় ঘটনাটি উপস্থাপনের। তাকে সার্বিক সহযোগিতা করছেন এ বিভাগের দুজন শিক্ষক।

সংশোধনী : এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার নিউজওয়ার্ল্ডবিডি ডট কমে ‘হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়া হলো ঢাবি ছাত্রীকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু হিজাবের স্থলে আসলে হবে ‘নেকাব’ শব্দটি। নেকাব দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখা হয় (চোখ বাদে)। আর হিজাবের মাধ্যমে মাথা ও বুক আবৃত করে রাখা হয়। অভিযোগ অনুযায়ী ড. আজিজুর রহমান ছাত্রীটির কাছে জানতে চেয়েছিলেন, মুখমণ্ডল কেন ঢেকে রাখা হয়েছিল? সেক্ষেত্রে নেকাব শব্দটিই সঠিক। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

O ‘হিজাব’ পড়ায় ক্লাস থেকে বের করে দেওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে

আরও পড়ুন