যশোরে দায়িত্ব পালনকালে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ আব্দুল মান্নানের কান কাটার ঘটনার পর শহরে ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার রাতে হামলার পর বৃহস্পতিবার সকাল থেকে শহরে কোনো ইজিবাইক নামতে দেয়া হয়নি। পুলিশ কর্মকর্তারা জানান, ইজিবাইক সরকার অবৈধ ঘোষণা করেছে। তাই বন্ধে অভিযান শুরু করা হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর নুরুল হক সিদ্দিকী জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক অফিসের অদূরে কনস্টেবল আবদুল মান্নান (৬৭৬ নম্বর) দায়িত্ব পালন করছিলেন। এ সময় ইজিবাইকের সারিবদ্ধ হয়ে যাত্রী উঠাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ইজিবাইক চালক তাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করলে বাম কানের লতি কেটে পড়ে যায়। এছাড়া মান্নানে বাম হাতে ও পাজরেও ছুরিকাঘাত করা হয়। বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার শরীরে অস্ত্রপাচার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এদিকে, পুলিশের ওপর হামলার জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে শহরে ইজিবাইক বন্ধে অভিযান শুরু হয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশের টিম অবস্থান করে। এ কারণে শহরে কোনো ইজিবাইক চলাচল করেনি। হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণ দুর্ভোগে পড়ে।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) শাফিন আহমেদ জানান, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


