বুধবার ৪ নভেম্বর ২০২৬

মার্কিন হামলায় আইএসের উপপ্রধান নিহত

48172_173ইরাকের মসুল শহরের কাছে মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের একজন উপ-প্রধান নিহত হয়েছেন। হোয়াইট হাউস শুক্রবার এ ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, গত ১৮ আগস্ট মসুলে তার গাড়িতে হামলা চালিয়ে আবু মুসলিম আল-তুর্কমানি নামে পরিচিত ফাদিল আহমাদ আল-হায়ালিকে হত্যা করা হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, নিহত ওই ব্যক্তি প্রাথমিকভাবে ইরাক ও সিরিয়ার মধ্যে বড় ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, যানবাহন এবং জনগণের চলাচলের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নেড প্রাইস এক বিবৃতিতে জানান, গত দুবছর ধরে আল-হায়ালি অভিযান পরিচালনার পরিকল্পনার অপরিহার্য অংশ ছিলেন। ২০১৪ সালে মসুলে অভিযানের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিলো।

ওই ব্যক্তি আগে ইরাকের আল-কায়েদার সদস্য ছিলেন এবং তিনি বাগদাদে এবং নিনাওয়া প্রদেশে আইএস-এর সামরিক শাখার আমির হিসাবে কাজ করেছেন। আইএস-এর অর্থনীতি, গণমাধ্যম, অভিযান পরিচালনা এবং সাজ-সরঞ্জামের ক্ষেত্রে প্রভাব থাকায় আল-হায়ালির মৃত্যু আইএস-এর অভিযান পরিচালনার ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র জানায়, একই হামলায় আবু আবদুল্লাহ নামে আইএস-এর একজন গণমাধ্যম নিয়ন্ত্রণকারী নেতাও নিহত হন।

বার্তা সংস্থা রয়টার্স একজন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, আল-হায়ালির মৃত্যুতে আইএস-এর কার্যক্রমে দীর্ঘমেয়াদি কোনও প্রভাব পড়বে না। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন