ইনটেলিজেন্সি এজেন্সির হাতে এল দাউদ ইব্রাহিমের নতুন ছবি। সেইসঙ্গে দাউদ সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও ওই এজেন্সির হাতে এসেছে। এক ইংরেজি সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমে এও দাবি করা হয়েছে, দাউদ কোথায় থাকে মিলেছে সেই সন্ধানও। জানা গেছে, গোয়েন্দারা যাতে সহজে তাকে চিনতে না পারে সেজন্য নিজের সাজসজ্জায় পরিবর্তন এনেছে দাউদ। এমনকী নিজের গোঁফও কেটে ফেলেছে দাউদ ইব্রাহিম।
তবে গোয়েন্দা সংস্থার হাতে শুধুমাত্র দাউদের তথ্যই নয়, এসেছে তার স্ত্রী ও সন্তানদের নানা তথ্যও। তার স্ত্রীর নাম মেহজবিন। জানা গেছে, দাউদের স্ত্রী তার মেয়েদের সঙ্গে করাচির কিল্ফটন কলোনিতে থাকে। দাউদের ৩ মেয়ের নাম মাহরুখ, মহরিন ও মাজ়িয়া। দাউদের স্ত্রী মেহজবিনের চলতি বছরের টেলিফোন বিলও পেয়েছে গোয়েন্দা সংস্থা। এমনকি করাচিতে দাউদের ৩টি ঠিকানার সন্ধানও মিলেছে বলে খবর।
এখন দাউদের বয়স ৫৯ বছর। গোয়েন্দা সংস্থা দাউদের যে ছবিটি পেয়েছে সেটি ২০১২ সালের বলে জানা গেছে। এবার এইসব তথ্য পাকিস্তানের সামনে রেখে তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার আরও জোরদার দাবি তুলতে পারে ভারত। আর এখন সেই তোড়জোড়ই চলছে। ওই সংবাদমাধ্যমের দাবি, ভারতের হাতে এখন এমন কিছু প্রমাণপত্র রয়েছে যার ফলে এখন দাউদ সে দেশে নেই বলে আর দাবি করতে পারবে না পাকিস্তান।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


