বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সফিকুল ইসলাম (২৮)। তিনি জামালপুরের সরিষাবাড়ি থানার পিন্না গ্রামের মো. মফিজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার কারখানায় যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের বিপরীতে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সফিকুল ছিটকে রাস্তায় পড়ে যান। পরে ওই বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী থানার এসআই মো. আতাউর রহমান জানান, লাশ উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।


