জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় দারুণ ফল করেছেন সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। শুধু নারী শিক্ষা নিয়েই নয়, নিজের লেখাপড়ায়ও যে খুব সচেতন তারই প্রমাণ করলেন তিনি। যুক্তরাজ্যে বার্মিংহামের এজবাস্টন উচ্চ বিদ্যালয় থেকে ‘ও’ লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ে এ+ ও ৪টিতে এ গ্রেড পেয়ে পাস করেছেন মালালা।
গণিতসহ বিজ্ঞানের সব বিষয় ও ধর্মীয় শিক্ষায় এ+ পেয়েছেন মালালা। এছাড়া ইতিহাস, ভূগোল, ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যে এ পেয়েছেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের ১৮ বছর বয়সী এই কর্মী।
বিবিসি জানিয়েছে, টুইটারে মালালার এই সাফল্যের খবর দিয়েছেন তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। মেয়ের এ সাফল্যে তিনি ও তার স্ত্রী গর্বিত বলে জানান জিয়াউদ্দিন।
২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা পাকিস্তানের নাগরিক মালালা গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।


