বিএনপিকে ধ্বংস করা সরকারের উদ্দেশ্য নয়, কিন্তু যারা অপরাধ করেছেন তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে। বলেছেন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী একথা বলেন।
শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একে একে কারাগারে অন্তরীণ করে দলকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে।
মন্ত্রী বলেন, বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু যারা অপরাধ করেছেন তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে।তিনি আরো বলেন, বিএনপি সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায়। মানুষ পুড়িয়ে হত্যা করাটাও কি তাদের গণতান্ত্রিক উপায়? এসব অপরাধের হুকুমদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও বিচার হবে।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।


