বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ পরিবার আর বাড়ানোর দরকার নেই: নাসিম

Nasimছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ছাত্রলীগ পরিবার আর বাড়ানোর দরকার নেই। যারা লড়াই করেছিল তারাই যথেষ্ট। নতুন করে কোনো ছাত্রলীগের দরকার নেই। সুযোগসন্ধানী, মতলববাজ ছাত্রলীগের দরকার নেই। তারা যেন ছাত্রলীগে না ঢোকে সে জন্য সতর্ক থাকতে হবে।

ঢাকার শহীদ বশির উদ্দীন মিলনায়তনে শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতার দম্ভ থাকতে নেই, সে দম্ভেই বিএনপি এখন ধ্বংসের পথে। আমাদের সামনে কঠিন সময়। আমাদের শক্ত প্রতিপক্ষ নেই, তবু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ ১৫ আগস্টের আগেও দলে বিশৃঙ্খলা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, বিদেশীরাও ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া এদিন ভুয়া জন্মদিনের কেক কাটেন। ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দেবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, খালেদার কাছে খবর আছে আমাদের নাকি পতন হবে। আমাদের কাছেও খবর আছে, আপনি রাজনীতিতে থাকতে পারবেন না। এ সময় তিনি বিএনপিকে ‘পাগলের দল’ বলেও সম্বোধন করেন।

বিএনপির সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল রাষ্ট্রীয় আয়োজনে। শিগগিরই এ ঘটনার বিচার শেষ করা হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন- সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজীদ আহমেদ খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন