নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুনানি করবে রবিবার ২৩ আগস্ট। এতে ভুক্তভোগী এবং অভিযুক্তদের বক্তব্য শুনবে কমিটি। তদন্ত কমিটির প্রধান এনআইডি প্রকল্পের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা এ তথ্য জানিয়েছেন।
রবিবার বেলা ১১টায় আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখায় এ শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শুনানিতে উপস্থিত থাকার জন্য অভিযুক্তদের নির্দেশনা দিয়েছে কমিটি।
অভিযুক্তরা হলেন এনআইডি প্রকল্পের উপ-পরিচালক আব্দুল বারী, পরিচালক মো. মহসীন আলী, কমিউনিকেশন কর্মকর্তা হোসাইন মো. আশিকুর রহমান, টেকনিক্যাল এক্সপার্ট মো. সায়েম, মো. সাহাবুদ্দিন, টেকনিক্যাল এক্সপার্ট মো. শরিফুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট মো. সাখাওয়াতুল ইসলাম ভূইয়াও ড্রাইভার মো. কামাল হোসেন।
গত বুধবার এনআইডি কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জিএম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপার্সন রিপু আহমেদকে মারধর করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় প্রকল্প উপ-পরিচালক আব্দুল বারীকে অপসারণ করে নতুন কর্মকর্তা দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের শাস্তি দেয়ার জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ইসি। এ কমিটি অভিযুক্তদের সঙ্গে মুস্তাফিজুল আলম ও রিপু আহমদেরও শুনানি করবে।


