বুধবার ৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়: এরশাদ

Ershad_বর্তমান দেশের আইন-শৃংখলা অবনতি ও রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। আর বিএনপি গত সংসদ নির্বাচন বর্জন করে নিজেরাই নিজেদের দলকে ধ্বংস করেছে। আগামীতে বিএনপি সংসদ নির্বাচন বর্জন করলে দেশে থাকবে দুটি দল আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। আমরা এককভাবে নির্বাচন করে সরকার গঠন করব। শনিবার রংপুরের শ্যামপুর ডিগ্রি কলেজ মাঠে এক দলীয় জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

সভায় এরশাদ আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর ওই নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করব। জাতীয় পার্টি সরকার গঠন করলে আমরা প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে বালিকা বিদ্যালয় সরকারি করব। এই প্রত্যয় নিয়ে তিনি দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনে প্রস্তুতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী কোরবানি ঈদের পর দলের তৃণমূল পর্যায়ে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গঠন করা হবে। পার্টির সব নেতাকর্মীতে তিনি এখন থেকে সংসদ নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, রংপুর সব সময়ে উপেক্ষিত ছিল। রংপুরের উন্নয়ন আমাদের নিজেদেরই করতে হবে। খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে বগুড়া পর্যন্ত গ্যাস পাইপ লাইন সম্প্রসারণ করেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পর্যন্ত গ্যাস নিয়ে গেছেন। তাই আমরা ক্ষমতায় গিয়ে গ্যাস রংপুর পর্যন্ত সরবরাহ করব। এ অঞ্চলের শিল্পায়নে উন্নয়ন করতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। আমরা সরকার গঠন করলে রংপুরের প্রতি যে বৈষম্য তা আমরা দূর করব। উত্তরবঙ্গের উন্নয়নসহ দেশের সুষম উন্নয়ন করব।

জাতীয় পার্টির চন্দনপাট ইউনিয়ন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল আসিব শাহরিয়ার, মহানগর কমিটির সদস্য সচিব এসএম ইয়াসির ও স্থানীয় নেতারা।

আরও পড়ুন