ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় মো. ইউসুফ (৩৫) নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার ২২ আগস্ট রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিনহাজুল ইসলামও ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফের নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক দু’জন হলেন-সোহারাব হোসেন (৩০) ও ইসমাইল সরদার (৩২)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুসলিম নগর এলাকায় এক দল ডাকাত ডাকাতি করতে গেলে পুলিশ তাদের ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মনিরুল ইসলাম বলেন, নিহত ইউসুফ আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ঢাকার দোহার থানায় হত্যা মামলাসহ ৬টি ডাকাতি মামলা রয়েছে। কেরানীগঞ্জ থানাতেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি মামলা আছে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জম উদ্ধার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার বেলা ১১টার দিকে নিহতের মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা ছিল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


