জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বিরূপ মন্তব্যকারী এ কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উপ-পরিচালক মোহাম্মদ আলি নেওয়াজ রাসেল।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, কর্মকর্তাদের কাছ থেকে এধরনের কার্যকলাপ কোনভাবেই কাম্য নয়। চাকরি করতে গেলে কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে জানা উচিত। যে কেউ মন্ত্রণালয়ের কাছে তার অসন্তোষের কথা বলতে পারেন। কিন্তু এটি না করে ফেসবুকে এ ধরনের বিরূপ মন্তব্য করা সরকারকে হেয় প্রতিপন্ন করার সামিল। এটি সরকারি আচরণ বিরোধী কাজ।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি সংশ্লিষ্ট ওই কর্মকর্তার হাতে গেছে বলে জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক। তিনি বলেন, ১০ কর্মদিবসের মধ্যে জবাব না দেয়ায় তিনদিনের সময় দিয়ে দ্বিতীয় দফা শোকজ যাচ্ছে তার কাছে। গত ১১ আগস্ট প্রথম শোকজ করা করা হয়। এ নিয়ে প্রশাসনে বেশ উত্তেজনাও আছে। প্রথমদফায় শোকজের জবাব না দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্বিতীয় দফায় শোকজ নোটিস দেয়া হচ্ছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


