বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সাগর সংলগ্ন পক্ষিদিয়া এলাকা ও সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকা থেকে পৃথকভাবে ২৬ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রোববার বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পক্ষিদিয়া এলাকা থেকে ২০ জেলে ও সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় জেলে বহরে হামলা ও লুটপাটের পর ৬ জেলেকে জলদস্যুরা অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার ছগির হোসেন, আবদুল খালেক, দুলাল, কালাম মীর, রফিক হাওলাদার, ইউনুস মিয়া, লিটন, রফিক, জাহাঙ্গীর, লাল মিয়া, কালাম মিয়া, কবির মিয়া, জাফর মিয়া, আব্দুল খালেকের নাম জানা গেছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস.এ রউফ জানিয়েছেন, অপহৃত জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমাদের একটি দল সাগরে নেমেছে।
গত কয়েকদিন ধরে বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বেতাগী সার্কেল) আবদুর রব হাওলাদারের নেতৃত্বে জলদস্যু দমনে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও র্যাব-৮ এর একটি দলও পৃথক টহল দিচ্ছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, জলদস্যুরা ২৬ ট্রলার থেকে ২৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে। ট্রলারে থাকা জাল, মাছ ও রসদ সামগ্রীসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে ওই দস্যু বাহিনী।
তিনি জানান, দস্যু ভাই-ভাই বাহিনী অন্য জেলেদের কাছে তাদের ব্যবহৃত একটি ফোন নম্বরে মুক্তিপণের টাকা এবং অপহৃত জেলেদের ফেরত আনার জন্য ট্রলার মালিকদের যোগাযোগ করার জন্য জানিয়েছে।
সহকারী পুলিশ সুপার (বেতাগী সার্কেল) আবদুর রব হাওলাদার জানিয়েছেন, অব্যাহত অভিযানের পাশাপাশি আমরা অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টাও চালাচ্ছি।


