বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সংসদ সদস্য’ স্টিকার: গাড়িতে ফেনসিডিল পাচার

MP-Sticker-Carযশোর-ঢাকা মহাসড়কের বাঘারপাড়ার খাজুরায় ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফিরোজ আলম নামে একজনকে আটক করা হয়। আটক ফিরোজ আলম লক্ষ্মীপুরের দালালবাজারের নূরু মিয়ার ছেলে। তবে গাড়িটি আসলেই কোনো সংসদ সদস্যের কিনা, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ বলেন, ‘রবিবার বিকেলে বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ফাঁড়ির একটি টিম যশোর-মাগুরা সড়কে নিয়মিত তল্লাশির সময় সাদা রংয়ের একটি এলিয়েন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৯০৫২) আটক করে। গাড়ির সামনের গ্লাসে ‘বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য’ লেখা স্টিকার সাঁটা ছিল। গাড়িটি তল্লাশি করে ড্যাসবোর্ড ও পেছনের সিটের নিচ থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

এসআই মাসুদ আরও জানান, গাড়ির ভেতর থেকে ‘বাংলাদেশ পুলিশ ডিএমপি ঢাকা’ লেখা আরও একটি লেমিনেটিং করা কাগজ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আসলেই কোনো সংসদ সদস্যের কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে ফিরোজ আলম পুলিশকে জানান, গাড়িটি তিনি মাঝেমধ্যে ব্যবহার করেন।

এসআই মাসুদ বলেন, ‘গাড়িটি ফিরোজ আলম ড্রাইভ করছিলেন। গাড়িতে আর কোনো আরোহী ছিলেন না।’

আরও পড়ুন