আলোচিত রানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও সম্প্রচারে ওপর ছয়মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করেছেন আদালত।
গার্মেন্টস শ্রমিকদের করা এক রিট অাবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার রুলসহ এ আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
এর ফলে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন বা কোনো মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা যবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়।


