বুধবার ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার শিশু রাকিব হত্যা মামলার চার্জশিট

6888-rakibখুলনায় বর্বর নির্যাতন চালিয়ে শিশু রাকিব হত্যা মামলার চার্জশিট মঙ্গলবার আদালতে দাখিল করা হবে। বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চার্জশিট সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সোমবার দুপুরের দিকে আলোচিত এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ জানিয়েছেন। আরো জানান, এজাহারভুক্ত তিন আসামি শরীফ, মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী তিনজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় মোট ৪০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট বিকেলে কমপ্রেসার মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে রাকিবকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছে।

আরও পড়ুন