বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের ১৩ হাজার চাকরিজীবীর তথ্যের সন্ধানে এসবি

Islami bank--logoইসলামী ব্যাংকের ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্যের অনুসন্ধানে নেমেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ইতোমধ্যে এসব কর্মকর্তা-কর্মচারীদের নাম, ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এসবি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এসবির একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের নেতৃত্বে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে এসব নথি সংগ্রহ করা হয়। এর পর থেকেই আতঙ্কে ভুগছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক ইসলামী ব্যাংকে ফোন করে সব কর্মীর নাম, ঠিকানাসহ বিস্তারিত বিবরণী চান। সে অনুযায়ী পরে বিশেষ শাখার পাঁচ-ছয়জন কর্মকর্তা ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে বিবরণী সংগ্রহ করেন। ব্যাংকটি ১৩ হাজারের বেশি কর্মীর নথিপত্র তুলে দেয় এসবি কর্মকর্তাদের হাতে। এসব নথিপত্রের অনুলিপি পরে পুলিশের সব থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, ইসলামী ব্যাংক থেকে নথি সংগ্রহের কোনো খবর তার জানা নেই।

তবে নথি সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা এসে সব কর্মকর্তা-কর্মচারীর তালিকা ও বিস্তারিত বিবরণী চাইলে আমরা তা সরবরাহ করেছি। এর পর থেকেই তাদের স্থায়ী ঠিকানায় গিয়ে হয়রানি করা হচ্ছে বলে প্রধান কার্যালয়ে অভিযোগ আসছে। আমাদের ব্যবস্থাপনা পর্ষদ শিগগিরই বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানাবে।

হয়রানির বিষয়টি জানান ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও। তারা বলেন, নথি সংগ্রহ করার পরই তাদের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানির অভিযোগ আসছে। পাশাপাশি তাদের স্থানীয় রাজনৈতিক মামলায় জড়ানোরও হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল ইসলাম বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো নথিপত্র এলে সেগুলো দেখার দায়িত্ব আমরা উপপরিদর্শকদের ওপর দিই। এক্ষেত্রেও তা-ই হয়ে থাকতে পারে।

ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কক্সবাজার সদর মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যাংকের কর্মকর্তাদের টেলিফোন করে তাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নিয়োগপত্র, বর্তমানে কোন শাখায় কর্মরত এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আজ সকাল ১০টার মধ্যে কক্সবাজার সদর মডেল থানায় উপস্থিত হতে বলা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলামের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমতে, ইসলামী ব্যাংকে বর্তমানে কর্মরত ১৩ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। ২০১৪ সালে ব্যাংকটি বেতন-ভাতা বাবদ পরিশোধ করে ৮১০ কোটি টাকা। ২০১৩ সালে পরিশোধ করেছিল ৭১৩ কোটি টাকা।

আরও পড়ুন