চার মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আরও ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে চারটি মামলায় একদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। মামলাগুলোর মধ্যে রয়েছে পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলা।
এর আগে রোববার ঢাকার সিএমএম আদালতে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা আট মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ডের অাবেদন জানিয়েছিল পুলিশ। এর মধ্যে চার মামলার রিমান্ড শুনানি সোমবার অনুষ্ঠিত হয়। বাকি চার মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। আট মামলার মধ্যে রয়েছে পাঁচটি পল্টন থানার ও তিনটি মতিঝিল থানার মামলা।
এ আট মামলাসহ এ পর্যন্ত ১২ মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে তাকে চার্জশিট হয়ে যাওয়া যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
১৯ আগস্ট আদালতে হাজির করে রমনা থানার মামলায় দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই রিমান্ডে নেওয়া হয় শওকত মাহমুদকে। শনিবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


