পল্টন থানার তিন মামলার আসামি ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আরো তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।
গত ঈদুল ফিতরের পরদিন ১৯ জুলাই রাতে পটুয়াখালীতে ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার করে ছাত্রদলের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানক।
রাজীবের বিরুদ্ধে পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় পাঁচটি ও শাহবাগ থানায় ২৩টিসহ মোট ৪৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৬ আগস্ট রোববার ছাত্রদল সভাপতি রাজিবকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে দুই মামলায় দুইদিন করে ও এক মামলায় একদিনসহ মোট পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।
এর আগে গত ১২ আগস্ট পল্টন থানার আট মামলায় রাজীবের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় ২ দিন করে মোট ১৬ দিনের রিমান্ডে পাঠান এই ছাত্রদল সভাপতিকে।
তারও আগে গত ২৯ জুলাই ছাত্রদলের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার চার মামলায় দুইদিন করে মোট ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়া এবং সামসুল আরেফীন।



