জনগণই সব ক্ষমতার উৎস হলেও বর্তমানে সরকারের সব ক্ষমতার উৎস হচ্ছে র্যাব, পুলিশ ও আমলারা। আওয়ামী লীগ তাদের সহযোগী হিসেবে কাজ করছে। এমন মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘বাক স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও গণতন্ত্র বাঁচাতে পেশাজীবী-রাজনীতিবিদ-সমাজকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করন। কমল একাডেমি আলোচনা সভাটির আয়োজন করে।
নোমান বলেন, দেশে এই মুহূর্তে আইনের শাসনের অনুপস্থিত, ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী অরাজকতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সমগ্র জাতি এই সরকারকে ঘৃণা করে। কিন্তু গুম হত্যার ভয়ে কেউ মুখে কিছু বলছে না।
তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কর্নেল তাহের ও ইনুরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল। আজ তারাই বড় আওয়ামী লীগার। শেখ হাসিনা একটি কথা বললে ইনু আগ বাড়িয়ে আরো দুটি কথা বলেন।
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে এই বিএনপিনেতা বলেন, তিনি সুপ্রিম লিডার নাকি পাঠক হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমি সেই বিতর্কে যেতে চাই না। তবে জাতির সেই ক্রান্তিলগ্নে তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে মুক্তিযুদ্ধ ব্যর্থতায় পর্যবসিত হতো।


