বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিমুখেই সদর্পে বিদায়ে সাঙ্গাকারা

Sangakara_ক্যারিয়ারের শেষ টেস্টে জয়ের স্বাদ নিতে পারেননি। তাই বলে কোনো আক্ষেপ নেই কুমার সাঙ্গাকারার। সুদীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যা কিছু পেয়েছেন তাতেই সন্তুষ্ট তিনি। আর তাই তো সোমবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এক যুগেরও বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান।

শেষ অব্দি কলম্বো টেস্টে সফরকারী ভারতের কাছে ২৭৮ রানে হেরে গিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সোমবার এই টেস্ট জিতে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারতীয়রা। ম্যাচ শেষে সাঙ্গাকারাকে দেওয়া হয়েছে আড়ম্বরপূর্ণ বিদায়ী সংবর্ধনা। আর সেই বিদায়ী বক্তৃতায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাঙ্গাকারা।

সাঙ্গার এই ‘সবার’ মধ্যে রয়েছে তার বাবা-মা, স্ত্রী-সন্তান, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, দলের সাবকে ও বর্তমান অধিনায়ক ও সতীর্থ, কোচ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা, বন্ধু-বান্ধব, মাঠ কর্মী এবং দর্শকরা। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকেও ধন্যবাদ দিয়েছেন সাঙ্গাকারা। সেই সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুসের নেতৃত্বাধীন বর্তমান শ্রীলঙ্কান দলের জন্যও শুভ কামনা করেছেন লঙ্কান ব্যাটিং গ্রেট।

বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত সাঙ্গাকারা বিশেষভাবে স্মরণ করেছেন তার স্কুল ও কলেজকে; ক্যান্ডির ট্রিনিটি কলেজ। সাঙ্গাকারার মতে, ‘ট্রিনিটি কলেজের কারণে ক্যান্ডিতে দারুণ একটি মাঠে ক্রিকেট খেলা শুরু করার সুযোগ মিলেছিল আমার। আজকে ক্রিকেটীয় জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি এর জন্য এই স্কুলটির কাছে আজীবন ঋণী থাকব। কারণ, অসাধারণ এই স্কুলটি আমাকে একটি মজবুত ক্রিকেটীয় গোড়াপত্তনের সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে আমার শৈশবের কোচদের কাছেও ঋণী আমি। ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য আমার বাবা একাধিক কোচের কাছে নিয়ে গিয়েছিল। তারা প্রত্যেকেই আমাকে দারুণভাবে দীক্ষা ও প্রেরণা দিয়েছেন।’

উল্লেখ্য, ২০০০ সালের জুলাই মাসে শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাঙ্গাকারা।

এই সুদীর্ঘ ক্যারিয়ারে ১৩৪ টেস্টে তার সংগ্রহ ১২,৪০০ রান; ৩৮ সেঞ্চুরি ও ৫২ হাফসেঞ্চুরিসহ। অন্যদিকে, ৪০৪টি ওয়ানডে খেলে তার সংগ্রহ ১৪,২৩৪ রান; রয়েছে ২৫ সেঞ্চুরি ও ৯৩টি হাফসেঞ্চুরি। পাশাপাশি ৫৬টি আন্তর্জাতিক টোয়েন্টি২০ ম্যাচ খেলে সাঙ্গাকারা করেছেন ১৩৮২ রান।

উইকেটরক্ষক হিসেবেও এই ১৫ বছরে অনেক কীর্তিই গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের শীর্ষ সারিতে জায়গা করে নিয়েই বিদায় নিলেন ৩৮ বছর বয়সী সাঙ্গাকারা।

সাঙ্গাকারার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এই ক্ষণটিতে তার পাশে উপস্থিত ছিলেন তার বাবা-মা, স্ত্রী ও সন্তানরা; ছিলেন ভক্তরাও। শ্রীলঙ্কান ক্রিকেট দলের খেলোয়াড়রা এ দিন তাকে সন্মান জানাতে কাঁধে করে পুরো মাঠ প্রদক্ষিণ করেছে আর গ্যালারিতে দাঁড়িয়ে ভক্তরা জানিয়েছেন তাদের উষ্ণ ভালবাসা। বিদায় বেলায় সাঙ্গাকারাকে প্রশংসা-ভালবাসায় সিক্ত করেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারাও। আর ভারতীয় দলের পক্ষ থেকে অধিনায়ক বিরাট কোহলি লঙ্কান গ্রেটের হাতে তুলে দিয়েছেন বিশেষ একটি জার্সি।

আরও পড়ুন