ঝিনাইদহ আদালতে দায়ের করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিনজনের জামিন দিয়েছেন আদালত।
সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর জুডিশিয়াল আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
মানহানির ৫টি মামলায় প্রথম আলোর সম্পাদকসহ তিনজন এবং পৃথক দুটি চাঁদাবাজি মামলায় কালীগঞ্জ আমলী আদালতের বিচারক আব্দুল মতিন সাংবাদিক আজাদ রহমান ও সুব্রত সরকার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এদিকে পৃথক আবেদনের পরিপেক্ষিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ৫টি মামলা থেকে হাজিরা দিতে অব্যাহতি দেন।
আদালতে বিবাদি পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান, এসএম মসিউর রহমান, আমিনুল ইসলাম ও প্রশান্ত কর্মকার।
২৭ মে প্রথম আলোয় ‘কলের লাঙ্গলের ভর্তুকির টাকার সিংহভাগ সরকারি দলের নেতাদের পকেটে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সম্পাদকসহ তিনজনের নামে স্থানীয় যুবলীগ নেতা ও ডিলাররা বাদী হয়ে ৮টি মানহানি ও দুটি চাঁদাবাজি মামলা দায়ের করে।


