আবারও পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ। সব আসামি আদালতে উপস্থিত না হওয়ায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাটির অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে। এ নিয়ে ৮ম বারের মতো মামলাটির অভিযোগ গঠন তারিখ পেছালো। নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন আদালত।
মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ ৫ আসামিকে হাজির করা হয়। অন্য একটি মামলায় হাজিরা থাকায় উপস্থিত হননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগের মতোই অসুস্থতার কারণে হাজির করা হয়নি মামলার অন্যতম আসামি সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকেও।
সিলেট দ্রুত বিচার আদালতে মামলাটি স্থানান্তরের পর আরিফের অনুপস্থিতির কারণে অষ্টম বারের মতো পেছালো চার্জ গঠনের তারিখ। গত ৩ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ থেকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই, ৩ এবং ১৮ আগস্ট আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।
নানা অজুহাতে বার বার তারিখ পেছানোয় ক্ষোভ জানিয়েছেন রাষ্ট্রপক্ষে আইনজীবীরা। সিলেটের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ জানান, মামলাটির আসামিদের হাজির করা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে।
সিলেট দ্রুত বিচার আদালতের বিশেষ প্রসিউকিউটর কিশোর কুমার কর জানান, ঢাকায় অন্য মামলার হাজিরা থাকায় মঙ্গল বেশিরভাগ আসামিকেই উপস্থিত করা হয়নি। ঢাকার সাথে আলোচনার পর আদালত পরবর্তী তারিখ ঘোষণা করবেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় চালানো গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।


