বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থ আত্মসাত: ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড

oriental gankঅর্থ আত্মসাতের মামলায় পলাতক আসামি ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সাত কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এই দণ্ডাদেশ দেন। একইসঙ্গে আরও দুটি ধারায় এই সাতজনকে সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের মোট এক কোটি সাত লাখ পঁচানব্বই হাজার ৮১৮ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ ও মাহমুদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান ও মোহাম্মদ তারিকুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধিবহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সৈয়দ আহমেদ। ২০১২ সালের ৩১ ডিসেম্বর এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের হয়, যার আটটিতে ২০১৩ সালে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা।

২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়।

আরও পড়ুন