বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধুকে হত্যার জন্য জাসদও দায়ী’

du-bslজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণেই সামরিক বাহিনী ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায় বলে মন্তব্য করেছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, আজকে আমাদেরকে জাসদের সাথে রাজনীতি করতে হচ্ছে। পচাত্তরের মুজিব হত্যার জন্য তারাও দায়ী ছিল।’

জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে হল শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তরিত করার সবচেয়ে বড় উদাহরণ আমাদের নেত্রী শেখ হাসিনা। আর সেই শক্তিকে কাজে লাগিয়েই শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।’

ছাত্রলীগের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ছাত্রলীগকে নেত্রীর ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে শেখ হাসিনাকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখনও পচাত্তরের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিরোধীরা শেখ হাসিনাকে হত্যার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগে অনেক হাইব্রিড নেতাকর্মী আছে। এদের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কখনও তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না।’

তাজুল ইসলাম বলেন, ‘যখনই বিজয় একাত্তর হলের ছাত্ররা হলের নাম মনে করবে তখনই তাদের মনে পড়বে একাত্তরের চেতনায় কথা।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সংসদস সদস্য বি এম মোজাম্মেল, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি বলরাম পোদ্দার, হল প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

ঢাবি সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন