অংক কষতে না পারায় রৌহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বেত্রাঘাত করেছে বিদ্যালয়টির সহকারি শিক্ষক মহিউদ্দিন। ঢাকার ধামরাইয়ে ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিবাবক ও উত্তেজিত এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে মহিউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
উপজেলার রৌহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বেত্রাঘাতে আহত শিক্ষার্থী সাজেদুল ইসলাম (১০), আবুল হোসেন (১১), রাজিব মিয়া (১০), রাহাত হোসেন (১১) ও শান্তা আক্তারকে (১০) গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, উপজেলার সূয়াপুর ইউনিয়নের রৌহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিউদ্দিন। সে মঙ্গলবার দুপুর ২টার দিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংক ক্লাস নেন। এ সময় পাঁচ শিক্ষার্থী অংক না পাড়ায় বেত দিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের চিৎকারে পাশের কক্ষ থেকে অন্যান্য শিক্ষকরা এগিয়ে গিয়ে মহিউদ্দিনকে থামান।
তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত নারী-পুরুষ উত্তেজিত হয়ে বিদ্যালয়টি ঘেরাও করেন। এ সময় শিক্ষক মহিউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেই আমি রৌহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। শিক্ষক মহিউদ্দিন যে কাজটি করেছে, তা অবশ্যই শাস্তি যোগ্য অপরাধ। এ বিষয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


