বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে তিন আইনজীবী

Barrster_Shakila_Court_Ctg_Newsworldbdজঙ্গি অর্থায়নের অভিযোগে হওয়া গ্রেপ্তার তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় জবানবন্দি দেওয়ার জন্য চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে।

কোর্ট পরিদর্শক উনু মং বলেন, হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিনজনের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিন আইনজীবী রিমান্ডে ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন।

শুনানি শেষে গত সোমবার আদালত শাকিলার ৪৮ ঘণ্টা এবং হাছানুজ্জামান ও মাহফুজের ৭২ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে নগরের পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে ওই মামলায় তিন আইনজীবীকে তদন্ত কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, আসামি শাকিলার ৪৮ ঘণ্টার রিমান্ড শেষ হওয়ায় তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি হাছানুজ্জামান ও মাহফুজের ৭২ ঘণ্টার রিমান্ডের মেয়াদ শেষ না হলেও তাঁরা জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র‍্যাব-৭। পরদিন সংবাদ সম্মেলনে র‍্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী এক কোটি আট লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ ২৫ লাখ টাকা দিয়েছেন। পরে তাঁদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। গত রোববার বাঁশখালী আদালতে তিন আইনজীবী জবানবন্দি দেন।

আরও পড়ুন