জঙ্গি অর্থায়নের অভিযোগে হওয়া গ্রেপ্তার তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করে জবানবন্দি দিতে চিন্তাভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়। এরপর তারা জবানবন্দি দিতে রাজি হলে দুপুর সোয়া ১টার দিকে তা নেওয়া শুরু হয়।
অন্য দু্ই আসামিরা হলেন- শাকিলা ফারজানার সহযোগী আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার এ তিন আইনজীবী হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় বেলা সোয়া ১টা থেকে ৩টা পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শহীদুল আলমের কাছে জবানবন্দি দেন। তবে জবানবন্দিতে এই তিন আইনজীবী কী স্বীকারোক্তি দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
আদালত সূত্র জানায়, দুপুর সোয়া ১টা থেকে বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আলমের খাসকামরায় জবানবন্দি দেওয়া শুরু করেন। এরপর একে একে অপর দুই আইনজীবীও জবানবন্দি দেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


