বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছে। এখন পর্যন্ত তিনি রেহাই পেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। প্রতিদিনই বিভিন্ন কৌশলে শেখ হাসিনার ওপর হামলা করার ষড়যন্ত্র হচ্ছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আশরাফুল বলেন, বিএনপি একটি ষড়যন্ত্রকারী ও খুনিদের দল। সেই দল সব সময়ই পরিকল্পনা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করার।
সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। আপনারা সামান্য ভাগ-বাটোয়ারা বাদ দেন। দলের স্বার্থে, দেশের স্বার্থে, নেত্রী শেখ হাসিনার স্বার্থে ভাগ-বাটোয়ারা বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকুন।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।


