বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার এ এক অনন্য উদাহরণ। নিজের রক্ত দিয়ে বঙ্গবন্ধুর ছবি এঁকে ভালবাসার প্রমাণ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী শিল্পী রেজাউল করিম। ‘ডেডিকেশন ফর ডেডিকেটর’ নামের এই ছবিটিতে তুলির আঁচড় বসাতে রংয়ের পরিবর্তে নিজের শরীরের রক্তই ব্যবহার করেছেন শিল্পী। পুরো এক ব্যাগ রক্ত ছবিতে ঢেলে দিয়ে নিপুণ হাতে কাজ করেছেন শিল্পী। চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধুকে নিয়ে শুরু হওয়া ২১ দিনব্যাপী প্রদর্শনীতে এই ছবিটি যেন বঙ্গবন্ধুর প্রতি শিল্পী রেজাউল করিমের ভালবাসা ও শ্রদ্ধার এক অপূর্ব নিদর্শন।
বুধবার বিকেলে চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। জাতির জনকের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের ২২৮টি ছবি থেকে বাছাইকৃত ৮৭টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয় এই প্রদর্শনী।
সাদাবোর্ডের উপর অসংখ্য আলপিন ও কালো সুতার সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বোতাম দিয়ে অঙ্কিত বঙ্গবন্ধুর শৈল্পিক প্রতিকৃতি, চিন্তামগ্ন জাতির পিতা, বিভিন্ন স্ক্রু দিয়ে তৈরি তর্জনী উঁচিয়ে ভাষণরত বঙ্গবন্ধু, নানা রংয়ের কাঁচের মার্বেল দিয়ে অঙ্কিত বঙ্গবন্ধু, কাঠের গুঁড়ির উপর গাছের ছাল দিয়ে শিল্পীর তৈরিতে অনন্য এক বঙ্গবন্ধু ইত্যাদি চিত্রকর্মে শিল্পীরা বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন সৃজনশীলতা ও শৈল্পিকতার নিবিড় বন্ধনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চারুকলায় আগত সকলের জন্য এই প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে ২১ দিনব্যাপী এই প্রদর্শনী।



Leave a Reply