বুধবার ৪ নভেম্বর ২০২৬

কবি নজরুল বিশ্ববিদালয়ের অধ্যাপক সুব্রতকে মারধর

Mymensinghময়মনসিংহ ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সুব্রত কুমার দেকে মারধর করেছে সন্ত্রাসীরা।

ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে ময়মনসিংহ শহরের রামবাবু রোডে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সুব্রত কুমারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী শহরের রামবাবু রোডস্থ অলকা নদী বাংলার সামনে হামলা করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুল কাদের চৌধুরী বাদী হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মোহাম্মদ তারেকসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন কোতোয়ালী মডেল থানায়।

শিক্ষকের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় জমান। এসময় তারা বিক্ষোভ করেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলকত শাস্তি দাবি করে ঘটনার তীব্র নিন্দা জানান।

বিশ্ববিদ্যালয় এই শিক্ষককে মারধরের ঘটনায় আগামীকাল সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ আহবান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন