মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’র সন্দেহভাজন সদস্য রেনাইজু মার্মার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তাইতংপাড়া কলেজ রোড এলাকায় বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকাটা এক যুবককে আটক করেছে সেনাবাহিনী ।
আটক যুবকের নাম অংক্রাউ রাখাইন (২৫)। তার বাবার নাম কেজাউল রাখাইন। আটক যুবক আরাকানের বাসিন্দা বলে সেনাবাহিনীকে জানিয়েছে।
অভিযানকালে ১০টি বিদেশী ঘোড়া, আরাকান বাহিনীর তিনসেট পোশাক, তিনটি ল্যাপটপ, দুটি ক্যামেরাসহ মূল্যবান কাগজপত্র উদ্ধার করা হয়। তবে রেনাইজু মার্মাকে সেখানে পাওয়া যায়নি।
বুধবার রাতে শুরু হওয়া এ অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।
রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিদেশী ঘোড়া আনা-নেওয়ার বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রেনাইজু মার্মার বাসায় সেনাবাহিনী অভিযান চালায়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে আটক যুবককে অপহরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ঘোড়াগুলোর সাথে বান্দরবানসহ সীমান্তবর্তী এলাকা থেকে পাকড়াও করা ঘোড়াগুলোর মিল রয়েছে।
রেনাইজু মার্মাকে আটক করা গেলে সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
অভিযানকালে কাপ্তাই ১১ ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্নেল আবদুল্লাহ হেল সাফি, রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ মোঃ অহিদুল্লাহসহ বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


