বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে ইরানে নির্মিত হয়েছে বিগ বাজেটের চলচ্চিত্র ‘মুহাম্মদ (সা.)’। ২৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু কারিগরি সমস্যার কারণে সিনেমাটির প্রদর্শনী ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সিনেমাটি মুক্তি পাবে।
মুহাম্মদ মাহদি হায়দারিয়ানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার।
ইরানের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের এই চলচ্চিত্রটি নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর। মহানবী (সা.) কে নিয়ে নির্মিত তিন খণ্ডের ছবিটির প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবন তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের সিনেমাটির নির্মাণ ব্যয় ৫৫ কোটি ডলার।
সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই এ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি ও ভারতীয় সুরকার এ আর রহমান।


