বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা ১০টি ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা চারটি আসনে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের আগে নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে এ খবর জানা গেছে। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন।
সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালতে বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
বার কাউন্সিল নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী সারাদেশের মোট ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


