ঢাকার মিরপুর এলাকার রূপনগরের ইস্টার্ন হাউজিং বালুর মাঠ এলাকায় কাজ না পেয়ে রুবেল (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বালুর মাঠের দিলু মোল্লা বস্তি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহ কোতোয়ালি থানার বড়ইকান্দী গ্রামের আবুল কাশেমের ছেলে। রুবেল তার স্ত্রী লিপি আক্তার ও এক বছরের মেয়ে রুবিনাকে নিয়ে ওই বস্তিতে ভাড়া থাকতেন।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন স্ত্রী লিপি আক্তারের বরাত দিয়ে জানান, রুবেল রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। কিছুদিন ধরে কাজ না থাকায় তিনি বিষণ্নতায় ভুগছিলেন। কাজের খোঁজে বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে ফেরেন মধ্যরাতে। বাসায় ফিরে দেখেন তার স্ত্রী-মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এটা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এসআই আল মামুন জানান, সকালে স্ত্রী ঘরের আঁড়ার সঙ্গে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


