২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তিনি কাজী জাফরের মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন।
গুলশানে কাজী জাফরের বাসভবনে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি শেষ শ্রদ্ধা জানাতে যান। এসময় মরহুম কাজী জাফরের স্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এছাড়া খালেদা জিয়া শোক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে কাজী জাফরের কর্মময় জীবনের প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাংবাদিক মাহফুজ উল্লাহ, মাহবুব আলামিন ডিউ, সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।


