বুধবার ৪ নভেম্বর ২০২৬

মধ্যরাতে ঢাকা দক্ষিণের বিলবোর্ড উচ্ছেদ

billbg_824003062বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু করে শুক্রবার প্রায় ভোর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বিলবোর্ড উচ্ছেদ অভিযান হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত এগারটা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

মামুনুর রশিদ এ বিষয়ে বলেন, অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে অতিরিক্ত ১৫ দিনের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনেই দোয়েল চত্ত্বর থেকে গুলিস্তান স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।

মামুনুর রশিদ জানান, রাত ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চলে রাত চারটা পর্যন্ত। তিনি আরও বলেন, প্রথম দিনে বড় দু’টি ও ছোট ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। তবে একদিনে বড় বিলবোর্ড তিনটার বেশি উচ্ছেদ করা সম্ভব হয়ে ওঠে না।

রাত আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুলিস্তান জিপিও মোড়ে বিলবোর্ড উচ্ছেদের স্থানে ব্যবসায়ীদের ভিড়।

এ সময় বিলবোর্ড ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন বলেন, উচ্ছেদ হওয়া বিলবোর্ডগুলো বিক্রি হবে, তা কিনতে এসেছি।

বিক্রির বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, আমরা একটা দাম নির্ধারণ করে এখান থেকেই বিলবোর্ড বিক্রি করছি। তবে কাঙ্ক্ষিত মূল্য না পেলে বিলবোর্ড নগর ভবনে নিয়ে যাবো। সেখানে ওপেন টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে।

বড় বিলবোর্ডের দাম দেড় লাখ টাকা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, গত দু’মাস আগে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যেসব রাস্তায় ভিআইপি নাগরিকরা যাতায়াত করেন, ওইসব রাস্তার দু’পাশের সকল বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ দেন আদালত।

তিনি জানান, নিয়ম অনুযায়ী ঢাকা সিটিতে সর্বোচ্চ সাড়ে ৬শ’  বর্গফুট আয়তনের বিলবোর্ড স্থাপনের নির্দেশ রয়েছে। করপোরেশনের নিয়মানুযায়ী পরবর্তীতে বিলবোর্ড স্থাপন করবেন মেয়র।

আরও পড়ুন