দশজন মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গন্তব্য নিরুদ্দেশ’। বৈশাখী টেলিভিশনে ‘গন্তব্য নিরুদ্দেশ’র প্রচার শুরু হবে শনিবার (২৯ আগস্ট)। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটকটি।
একদল মানুষের মুখ ঘুরে-ফিরেই সামনে আসে। অনেক কাছাকাছি থেকেও তারা যেন যোজন যোজন দূরের। জীবনের প্রয়োজনেই ছুটে এসেছিল কিংবা থিতু হতে চেয়েছিল এক অচেনা শহরে।
পান্থ শাহরিয়ারের রচনা ও রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘গন্তব্য নিরুদ্দেশ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, কল্যাণ কোরাইয়া, এফএস নাঈম, নাদিয়া আহমেদ, সুজানা, উর্মিলা শ্রাবন্তী কর, শামীম ভিস্তি, তানভির রিজভীসহ অনেকে।
‘গন্তব্য নিরুদ্দেশ’ প্রসঙ্গে নির্মাতা তুহিন বলেন, ‘এই নাটকে নানা গল্পের ডালপালা ধরে আমরা খুঁজতে শুরু করি কিছু মানুষের বর্তমান সময় আর বাস্তবতার গল্প। হয়ত আরও বেশি করে বললে মানুষগুলোর ভেতরের মানুষটাকে। আর এই খুঁজে ফেরার সময় ঘটে যায় ছোট ছোট ঘটনা। এই মূহূর্তগুলো আমাদের টেনে নেয় সাময়িক নাটকীয়তায়।’
থ্রিলারধর্মী নাটকটির চিত্রায়ন হয়েছে ব্যাংককের বিভিন্ন লোকেশনে। যৌথভাবে প্রযোজনা করেছে দৃক ও টম ক্রিয়েশনস।


