রিহ্যাব সদস্যদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কালোটাকা নিয়ে আপনারা অহেতুক প্রশ্ন করবেন না। বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ না পেলে অবৈধ পথে তা বিভিন্ন দেশে চলে যাবে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার রিহ্যাব বর্ষসেরা পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মামুন আব্দুল্লাহসহ ১৯ গণমাধ্যমকর্মী। মন্ত্রী এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি সমস্যার সমাধানের তাগিদ দেন মন্ত্রী। আর এজন্য সস্তায় ফ্ল্যাট তৈরি ও দীর্ঘমেয়াদি কিস্তিতে ঋণ পরিশোধের ব্যবস্থা করার কথা বলেন তিনি।
গৃহঋণ প্রবর্তনের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইনু বলেন, রিহ্যাবের দাবি অনুযায়ী গৃহঋণ প্রবর্তন করা দরকার। এ জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর এগিয়ে আসা দরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, মো. ওহিদুজ্জামান, লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


