পেঁয়াজের দাম পাইকারি পর্যায়ে কমলেও রাজধানীর খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। গত দুই দিন ধরে এই একই দরে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারাও।
শ্যামবাজারের পেঁয়াজের আড়ত পপুলার বাণিজ্যালয়ের মালিক রতন সাহা বলেন, শুক্রবার পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
গত সপ্তাহে ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে প্রতি টন ৭০০ ডলার নির্ধারণের পর দেশের পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়ে যায়। তবে পাইকারি বাজারে পেঁয়াজের চাহিদা কমেছে বলে জানালেন রতন। তিনি বলেন, “সব সময়েই মাসের শেষে এসে চাহিদা কমে যায়। আর এখন দাম বাড়ার কারণে চাহিদা আরও কমেছে। যে কারণে দামও কিছুটা পড়তির দিকে।”
শুক্রবার কারওয়ান বাজার, মহাখালী, ফকিরেরপুল, মুগদা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ (মোটা দানা) ৯০ টাকা আর ছোট দানার পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে তিন দিনে পেঁয়াজের দর এক তৃতীয়াংশের বেশি বেড়ে যাওয়ার পর এর বাজার ঠিক রাখতে টিসিবির মাধ্যমে আমদানিসহ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার।
বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করানোরও সিদ্ধান্ত হয়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।
এক সপ্তাহ আগে খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের দর ছিল ৫৫ থেকে ৬৫ টাকা; দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬৫ টাকায়।


