সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার মামলায় গ্রেপ্তার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপকারী ব্যবসায়ী মশিউর রহমান মামুনকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার তিনদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ আগস্ট বুধবার মশিউর রহমান মামুনকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল ডিবি পুলিশ। ২৪ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


