দেশে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাচ্ছি। এ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদের সাথি হিসেবে পাশে পেতে চাই। শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এম বদিউজ্জামান।
শনিবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের ‘সততা সংঘ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ আহবান জানান। এর আগে সভার শুরুতে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
সততা সংঘের কিছু নিয়মাবলি রয়েছে উল্লেখ করে বদিউজ্জামান বলেন, তোমরা (শিক্ষার্থীরা) সে গুলো মেনে চলবে। ভবিষ্যতে তোমরা দেশের কর্ণধার হবে। তোমরা আজ যে শপথবাক্য পাঠ করলে সেখানে যে শব্দগুলো রয়েছে তা অনুসরণ করলেই নিশ্চিত সুফল বয়ে আনবে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুদক ঢাকা অঞ্চল পরিচালক নাছির আনোয়ার, অধ্যাপক আব্দুল কুদ্দুছ, অধ্যক্ষ এ কে এম জাহাঙ্গির, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আমির হোসাইন প্রমুখ।


