বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশ-ভারত প্রথম বৈঠক অক্টোবরে

nasimস্বাস্থ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত টাস্ক ফোর্সের প্রথম বৈঠক আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে।ঢাকার ওই বৈঠকে ঠিক করা হবে, দুই দেশের স্বাস্থ্য পরিষেবার কোন কোন ভালোদিকগুলো অন্য দেশ গ্রহণ করবে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার সংবাদমাধ্যমকে এই খবর জানান।

মোহাম্মদ নাসিম চার দিনের সফরে ভারতে রয়েছেন। গত বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পর্কিত ‘গ্লোবাল কল টু অ্যাকশন সামিট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অগ্রগতির কথা বিস্তারিতভাবে জানান। বিশ্বের মোট ২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে যোগ দিয়েছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বর মাসে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে। পৃথিবীর ১২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সেই সম্মেলনে যোগ দেবেন। সেই সময় ঢাকায় যাবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডা। সেই সফরে টাস্ক ফোর্সের সুপারিশ দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী বাস্তবায়িত করবে বলে মন্ত্রী জানান।

ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ নাসিম গত শুক্রবার বৈঠক করেন। ওই বৈঠকেই ঠিক হয়, দুই দেশ একে অন্যের ভালো ও কার্যকর পরিষেবাগুলি বিনিময় করবে। বাংলাদেশের ‘কমিউনিটি ক্লিনিক’ কনসেপ্ট ভারতের নজর কেড়েছে। বাংলাদেশের এই প্রকল্প ভারত সে দেশে রূপায়ণে আগ্রহী। ভারত যে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে, তার একটা অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার অনুমতি বাংলাদেশ চেয়েছে বলে জানান নাসিম।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন