বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাবির ভিসির পদত্যাগ চান সুরঞ্জিত

88e02fadd43e4773c33c3a37a7716629_XLশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে শিক্ষকদের ওপর লেলিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এরপরে উপাচার্যের পদে থাকার কোনো নৈতিক ভিত্তি নেই। উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন সুরঞ্জিত।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে তার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার কোন নৈতিক ভিত্তি নেই।”

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “এর আগেও মন্ত্রণালয় শিক্ষকদের সমস্যার সমাধান করেছিলো। এখনও শিক্ষামন্ত্রীর উচিত তড়িৎ গতিতে সিলেট গিয়ে সমস্যার সমাধান করা।”

রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সিলেটের সুনামগঞ্জ থেকে বরাবর নির্বাচিত হয়ে আসা আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত বলেন, “শিক্ষকদের ঘটনায় ছাত্রলীগের নাম জড়িয়ে পড়ায় আমরা বিব্রত। আমি মনে করি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।”

অবশ্য এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ দাবি করেছে, এ ঘটনায় সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয়।

আরও পড়ুন