দুই ঘণ্টার ভারি বর্ষণে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বেলা সোয়া ১১টার দিকে শুরু হয় মুষলধারে বর্ষণ। এরপর প্রধান সড়ক থেকে অলিগলিতে যানজট ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে ট্রাফিক পুলিশের সদস্যরা জানান।
পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়ক, কাকরাইল, মৎস্য ভবন মোড়, শান্তিনগর, মিন্টো রোড, মগবাজার, রামপুরা শাহবাগ চত্বর, সায়েন্সল্যাব, বাংলা মোটর, ফার্মগেইট, মহাখালী, মিরপুরের বিভিন্ন এলাকা ও উত্তরার পথে যানবাহন প্রায় থমকে আছে।
বেলা ১১টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা প্রবল বেগে চলে বৃষ্টিপাত। এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে আসে, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকে। প্রবল বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলিতে পানি জমে যায়। বিভিন্ন সড়কে বিকল হয়ে পড়ে যানবাহন।
দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির বেগ কমে গেলে ঘর থেকে বের হওয়া মানুষের ভিড় বেড়ে যায় সড়কগুলোতে। প্রায় প্রতিটি সড়কে দেখা দেয় তীব্র যানজট। এ সময় যানবাহনে দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে নগরবাসীকে।
শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পার্থ প্রতিম। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি কমার পর একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। পার্থ বলেন, শাহবাগ থেকে ফার্মগেট আসতে তাঁর সময় লেগেছে দেড় ঘণ্টারও বেশি। একদিকে বৃষ্টি, আরেক দিকে সড়কে জলাবদ্ধতার কারণে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়াও সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে।
প্রধান সড়কগুলোর মধ্যে বিমানবন্দর সড়কের বনানী অংশে যানজট ছিল বেশি। এই সড়কের বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত সড়ক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কের বিভিন্ন অংশও পানিতে ডুবে যায়। ফলে যান চলাচলের গতি কমে যায়। বিজয় সরণি ও কারওয়ানবাজার সিগনালে গাড়ির চাপ ছিল বেশি। রূপসী বাংলা হোটেলের সামনে পানি জমে যাওয়ায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর রোড, সাতরাস্তা সড়কেও দেখা দেয় তীব্র যানজটের। এ ছাড়া রামপুরা থেকে কাকরাইল মোড়, মৌচাক থেকে মগবাজার পর্যন্ত সড়কগুলোতে যানবাহন চলেছে অত্যন্ত ধীর গতিতে। এসব সড়কে ভ্যান, রিকশা গর্তে পড়ে দুর্ঘটনায় পড়তে দেখা গেছে।
মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, পান্থপথ, গ্রীনরোডসহ বিভিন্ন এলাকার সড়কে যানবাহন থমকে ছিল। অ্যাম্বুলেন্সগুলোকেও ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশ অনেক এলাকায় উল্টো পথে গাড়ি চলাচলের সুযোগ করে দিয়েছে।


